গতকাল ২৯-০২-২০২৪ইং বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের 'কাচ্চি ভাই' রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ অর্ধশতাধিক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কবীর হোসেন ও সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন।
আজ শুক্রবার (১লা মার্চ, ২০২৪) এক শোকবার্তায় মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেন নেতৃদ্বয়। এছাড়া শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃদ্বয় বলেন, ‘আমরা এমন এক দুঃসময়ে বাস করছি যখন প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম। এই দুর্ঘটনায় কারো অবহেলা আছে কি না, প্রমাণিত হলে আইনের আওতায় এনে সর্বচ্চো শাস্তি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলা ও অসচেতনতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এভাবে নানা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই দেশব্যাপী অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। কিন্তু সরকার ও প্রশাসন এ ধরণের ঘটনায় দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করছে না বলেই সর্বত্রই অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রতিনিয়ত মানুষের প্রাণ ঝরে যাচ্ছে। সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোন জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না।’
নেতৃদ্বয় আরো বলেন ‘প্রতিদিন প্রতিনিয়ত কেন এতো দুর্ঘটনা ও মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখে প্রতিকার করার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় না বলেই বারবার দুর্ঘটনায় মানুষের মৃত্যু যেন খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয় না, আর এজন্য অগ্নিকাণ্ডসহ সড়ক ও নৌপথে দুর্ঘটনার মাত্রা বর্তমানে বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ অবিলম্বে অগ্নিকাণ্ডে ৪৫ জনের মৃত্যু ও অসংখ্য আহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করছে।
আগুনে পুড়ে নিহত ৪৫ জনের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুচিকিৎসা এবং আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’